📚 শ্রীমদ্ভাগবত (৩য় স্কন্ধ, ২২তম অধ্যায়)
✦ কর্দম মুনি ও দেবহূতির পরিণয় ✦
✧═══════•❁❁❀❁❁•═══════✧
শ্রীমৈত্রেয় বললেন—
সম্রাট স্বায়ম্ভুব মনু মহর্ষি কর্দমের মহিমা ও তপস্যার গুণকীর্তন শুনে বিনীতভাবে প্রণাম জানালেন এবং বললেন—
“হে ব্রাহ্মণশ্রেষ্ঠ! আপনি তপস্যা, জ্ঞান ও যোগশক্তিতে পূর্ণ। ব্রাহ্মণরা ভগবানের হৃদয় থেকে উৎপন্ন, আর ক্ষত্রিয়রা তাঁর বাহু থেকে। তাই আমাদের পারস্পরিক কর্তব্য হলো একে অপরকে রক্ষা করা। আপনার পবিত্র দর্শনে আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। আপনার সুধাময় বাণী শ্রবণ করতে পারা আমার জীবনের বিরল সৌভাগ্য।”
এরপর সম্রাট নিবেদন করলেন—
“হে মহর্ষি! আমার কন্যা দেবহূতি (প্রিয়ব্রত ও উত্তানপাদের সহোদরা) আপনার গুণে মোহিত হয়ে আপনাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তাই আমি বিনীতভাবে তাঁকে আপনার হাতে সমর্পণ করছি। তিনি গুণ, চরিত্র ও বয়সে আপনাকে উপযুক্ত। গৃহস্থধর্মে সমস্ত কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি সক্ষম হবেন।”
কর্দম মুনির জবাব—
“হে রাজর্ষি! আমি গৃহস্থ জীবন গ্রহণে ইচ্ছুক। যেহেতু আপনার কন্যা অন্যত্র প্রতিশ্রুত নয়, তাই বৈদিক নিয়মে আমাদের বিবাহ সম্পূর্ণ হতে পারে। দেবহূতি অতুলনীয়া—তাঁর সৌন্দর্যের সামনে অলঙ্কারও ম্লান হয়ে যায়। এমনকি গন্ধর্ব বিশ্বাবসুও একবার তাঁকে দেখে বিমোহিত হয়ে বিমান থেকে পতিত হয়েছিল। এমন রমণীকে কোন জ্ঞানী প্রত্যাখ্যান করবে? তবে আমার একটি শর্ত— যতদিন তিনি গর্ভধারণ করবেন না, ততদিন আমি তাঁর সেবা করব; তারপর আমি ভগবদ্ভক্তির জীবনে প্রবৃত্ত হব।”
🌸 বিবাহ আয়োজন 🌸
কর্দমের কথায় সম্রাট মনু আনন্দে কন্যাকে তাঁর হাতে দান করলেন। মহারানী শতরূপা স্নেহভরে কন্যাকে অলঙ্কার, বস্ত্র ও গৃহস্থের উপকরণসহ যথোচিত যৌতুক দিলেন। কন্যা-বিরহে সম্রাট মনু অশ্রুসজল চোখে দেবহূতিকে আলিঙ্গন করে বিদায় জানালেন।
মহার্ষির অনুমতি নিয়ে মনু রথে আরোহণ করে রাজধানীতে ফিরলেন। পথে সরস্বতী নদীর তীরে ঋষিদের আশ্রম ও প্রজাদের আনন্দোচ্ছ্বাসময় অভ্যর্থনা তিনি উপভোগ করলেন। বর্হিষ্মতী নগরে ফিরে এসে ধর্মসম্মতভাবে রাজ্য পরিচালনা করলেন। প্রতিদিন ভগবানের কীর্তন শুনতেন, স্তুতি ও সঙ্গীতে ভক্তিময় পরিবেশে দিন কাটাতেন।
যদিও তিনি জাগতিক সুখ-সুবিধা ভোগ করতেন, তথাপি সর্বদা কৃষ্ণভাবনায় নিমগ্ন থেকে জীবনের এক মুহূর্তও অপচয় করেননি। মন্বন্তরব্যাপী দীর্ঘায়ু শেষ হলেও তাঁর মন সর্বদা ভগবানের লীলায় নিবিষ্ট ছিল।
শ্রীমৈত্রেয় উপসংহার টানলেন—
“হে বিদুর! এভাবেই রাজর্ষি স্বায়ম্ভুব মনুর মহিমাময় চরিত্র প্রকাশিত হলো। এবার শুনুন তাঁর কন্যা দেবহূতির জীবনের পরবর্তী অধ্যায়।”
✨ চলবে...
──━⊱♡ আগামী পর্বে ♡⊰━──
●●● দেবহূতির অনুতাপ ●●●
┈┉━❀❈ হরে কৃষ্ণ ❈❀

0 মন্তব্যসমূহ