Ticker

6/recent/ticker-posts

আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা

 


চট্টগ্রামের শ্রীঙ্গনখ্যাত বাঁশখালীর ঋষিধামে আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। সকাল ৮টায় বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। টানা ১১ দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলাকে কেন্দ্র করে রবিবার (১৬ নভেম্বর) ঋষিধাম প্রাঙ্গণে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীগুরু সংঘের সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব চন্দন সিনহার সভাপতিত্বে আয়োজিত সভায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ।

ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে স্বাগত বক্তব্য দেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ-এর সভাপতি বাবু দেবাশীষ পালিত। সভা সঞ্চালনা করেন বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ।

এতে বক্তব্য রাখেন কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আমিনুর রহমান চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম, শ্রী-গুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল দেব, শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ পুরী মহারাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে মোহন্ত মহারাজ নতুন কমিটি ঘোষণা করেন। এতে অ্যাডভোকেট অনুপ বিশ্বাসকে সভাপতি, শ্রী চন্দ্রশেখর মল্লিককে সাধারণ সম্পাদক এবং তড়িৎ কান্তি গুহকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

উদযাপন পরিষদের লিখিত বক্তব্যে জানানো হয়, এবারের মেলায় দেশ-বিদেশ থেকে প্রায় ২০ লক্ষাধিক ভক্ত, সাধু-সন্ন্যাসী, ঋষিকুল ও পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। মেলার অন্যতম প্রধান আকর্ষণ হবে আন্তর্জাতিক ঋষি সম্মেলন, যেখানে বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন মঠ-মন্দিরের বিশিষ্ট মহাত্মা ও মহারাজবৃন্দ অংশ নেবেন।

প্রসঙ্গত, ভারতের কুম্ভতীর্থে যেতে অক্ষম ভক্তদের সুবিধার্থে বাঁশখালী ঋষিধামের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সাল থেকে এখানে কুম্ভমেলার প্রবর্তন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ